দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকার জনগণকে অপমান ও তাদের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘জনগণ গণভোটে রায় দিলেও সরকার তা মানছে না। জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে, তাদের সঙ্গে মিথ্যাচার করছে সরকার।’
শনিবার (৩১ অক্টোবর) সকালে শরীয়তপুরের পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ১১ দলীয় জোটের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘সাত দফার প্রধান দাবি হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। ভোট জনগণ দিয়েছেন, কিন্তু সরকার সেই রায় মানছে না। সরকার জনগণকে ধোঁকা দিচ্ছে এবং তাদের সঙ্গে মিথ্যাচার করছে।’
বর্তমান সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী মনোভাবের অভিযোগ তুলে তিনি বলেন, ‘সরকার জনগণের ঘাড়ে স্বৈরশাসন চাপিয়ে দিতে চায়। আমরা সবকিছুকে ভেঙে তছনছ করে দিবো ইনশাআল্লাহ। আমরা মানবো না, এই জাতি মানবে না। যে জাতি খালি হাতে বুকে গুলি নিয়েছে, সে জাতি এগুলো মানবে না।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা শক্ত থাকবেন, সঙ্গে থাকবেন। দাবি আদায় হবে ইনশাআল্লাহ।’
আয়োজকেরা জানান, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পথসভাকে কেন্দ্র করে সকাল থেকেই নাওডোবা এলাকায় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনার উদ্দেশে রওনা হন।
/অ